Local News

করোনায় অভিভাবকহীন শিশুদের শিক্ষার খরচ বহন সহ একাধিক সুবিধা ঘোষণা করল ত্রিপুরা সরকার

By tripuranewslive
30/05/2021
করোনায় অভিভাবকহীন শিশুদের শিক্ষার খরচ বহন সহ একাধিক সুবিধা ঘোষণা করল ত্রিপুরা সরকার

কোভিড অতিমারির কারণে যে সমস্ত শিশু, বালক-বালিকা বা কিশোর-কিশোরী মা-বাবাকে হারিয়েছেন তাদের জন্য ‘মুখ্যমন্ত্রী বাল্য সেবা যোজনা’ নামে নতুন একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কোভিড আক্রান্ত হয়ে যে সমস্ত শিশু বা বালক-বালিকা তাদের মা বাবাকে হারিয়ে নিকট আত্মীয়ের কাছে থাকবেন তাদেরকে এই প্রকল্পে প্রতিমাসে ৩,৫০০ টাকা করে দেওয়া হবে।

শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাদের শিক্ষার ব্যবস্থাও রাজ্য সরকার করবে। এছাড়াও ১৮ বছর পর কিশোরীদের বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, যে সমস্ত শিশু বা বালক বালিকা হোমে থাকতে চায় তাদের পড়াশুনা সহ সমস্ত খরচ হোম কর্তৃপক্ষ বহন করবে। এই প্রকল্পের মাধ্যমে হোমে বা আত্মীয় স্বজনের কাছে থাকা বালক বালিকাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশুনার সময় একটি ল্যাপটপ বা ট্যাবলেট প্রদান করা হবে। কোভিডের কারণে যেসমস্ত শিশু বা বালক-বালিকা তাদের মা-বাবাকে হারিয়েছেন তাদের ভবিষ্যত জীবনের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়েই রাজ্য সরকার এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, করোনা অতিমারিতে অনেকেই আপনজনদের হারিয়েছেন। মা-বাবাকে হারিয়েছে এমন ছেলেমেয়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেবে সরকার। কোভিড অতিমারি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকার মিলে কাজ করছে।

Leave a comment