
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের কোভিড পরিস্থতি খতিয়ে দেখতে আজ উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলা সফর করেন।
শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা সফর করেন।
এদিন এই দুই জেলা সফরে দুটি কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল এবং ঊনকোটি জেলা হাসপাতালে এদিন পরিদর্শন করেন তিনি
মুখ্যমন্ত্রী প্রথমে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের আঞ্চলিক শরীর শিক্ষণ মহাবিদ্যালয়ের ইনডোর হলে ১২০ শয্যা বিশিষ্ট ১নং কোভিড কেয়ার সেন্টার এবং মহাবিদ্যালয়ের ছাত্রী নিবাসের ১৫২ শয্যাবিশিষ্ট ২নং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী এই দু’টি কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা সম্পর্কে খোজখবর নেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রধানসচিব জে কে সিনহা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, পানিসাগর মহকুমার মহকুমা শাসক এল ডার্লং।

ধর্মনগর জেলা হাসপাতালের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এখানকার চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি হোম আইসোলেশনে যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোজ নেওয়ার জন্যও মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরও জানান, কোভিড টিকাকরণের দিকে রাজ্য এগিয়ে রয়েছে। সারা দেশের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত বয়সীদের টিকাকরণের জন্যও রাজ্যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ১৮ থেকে ৪৪ বছর বয়সের নগরিকদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে।
