Local News

রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

By tripuranewslive
23/05/2021
রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শীঘ্রই আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ সরকার শুরু করবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ভিডিও কনফারেন্সে সাব্লুম মহকুমা বিচার বিভাগীয় আদালত এবং সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালতের নতুন ভবনের উদ্বোধন করে একথা বলেন।

সচিবালয়ে ভিডিও কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক শংকর রায়, আইন সচিব বিশ্বজিৎ পালিত সহ অন্যান্যদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শ্রীদেব বোতাম টিপে নতুন এই ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নারী নির্যাতন এবং ড্রাগস ব্যবসায় জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে সাজার হার বাড়াতে হবে যাতে প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পায়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই নেশার কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ-এর সময়ে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কোভিড রোগীদের চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে। সেখানে ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার সহ অক্সিজেন কনসেন্ট্রেটরের সংস্থান রয়েছে। তিনি বলেন, কোভিড মোকাবেলায় সম্প্রতি রাজ্য সরকার করোনা কার্ফু, করোনা নাইট কার্ফু ও কন্টেইনমেন্ট জোন যখনই ঘোষণা করেছে রাজ্যের জনগণ তা সঠিকভাবে পালন করছেন। এরজন্য তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান।

Leave a comment