Local News

করোনা ভাইরাস মোকাবিলার আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক

By tripuranewslive
23/04/2021
করোনা ভাইরাস মোকাবিলার আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক

করোনা পরিস্থিতি মোকাবিলায় আজ আগরতলা প্রেস ক্লাবে সংশ্লিষ্ট প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আগরতলা ক্লাব ফোরামের সভা সংগঠিত হয়।

এই সভায় স্বাস্থ্যসচিব জে. কে. সিনহা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিটি ক্লাবের সদস্যদের কাজ করার পরামর্শ দেন। সকলের মাস্ক ব্যবহার করার উপর সর্বাধিক গুরুত্ব দেন স্বাস্থ্যসচিব ।

পাশাপাশি ৪৫ বছর উর্দ্ধ প্রত্যেক ব্যক্তির টিকাকরণ সম্পন্ন করার পাশাপাশি আগামী ১লা মে থেকে ১৮ বছর উর্দ্ধদেরও টিকা প্রদান শুরু করার জন্য ক্লাবগুলোকে সহায়ক ভূমিকা পালন করতে আবেদন রাখেন । পশ্চিম ত্রিপুরার জেলাশাসক শৈলেশ যাদব ক্লাবে ক্লাবে স্বেচ্ছাসেবক তালিকা তৈরী করার জন্য ক্লাব ফোরামকে উদ্যোগী হতে আহ্বান জানান । ব্যক্তিগতস্তরে করোনাবিধি পালন করার প্রচার নিয়ে যাওয়ার দিকেও গুরুত্ব দেন জেলাশাসক ।

আগরতলা ক্লাব ফোরামের পক্ষে টিকাকরণ কর্মসূচীর জন্য এলাকাভিত্তিক শিবির করা সহ একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করেন ফোরামের যুগ্মআহ্বায়ক প্রণব সরকার ও সেবক ভট্টাচাৰ্য । ফোরামের সভাপতি অলীক মজুমদার বিগত বছর করোনা মোকাবিলায় ক্লাব ফোরামের ভূমিকা নিয়ে বিস্তারিত বর্ণনা দেন । সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান সঞ্জয় পাল ।

তিনি তার বক্তব্যে করোনাবিধি যথাযথ প্রতিপালন না করলে রাজ্যের বুকেও আরো বিপদ নেমে আসতে পারে বলে সতর্ক করে দেন । সভায় উপস্থিত ক্লাব কর্মকর্তাদের তরফে সুভাষ ঘোষ, সুব্রত দত্ত, পীযুষ কান্তি দে, প্রদ্যুৎ ধর চৌধুরী, চিত্ত রঞ্জন সাহা প্ৰমুখরা বক্তব্য রাখেন । আজকের এই যৌথ সভায় আগরতলার সিংহভাগ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Leave a comment